ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান খাঁ (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান খাঁ গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে একটি নির্বাচনি জনসভায় যোগ দিতে নিজ বাড়ি থেকে চৈয়ারকুড়ি যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান। পথিমধ্যে চৈয়ারকুড়ি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই বিষয় থেকে কারও পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








