চট্টগ্রামের বাঁশখালীতে আসামিকে ধরতে গিয়ে তার পরিবারের লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ জানুয়ারি) উপজেলার রঙ্গীয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ওসি কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন– বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্তী ও নুরুন্নবী টিপু। আসামি জমির চন্দনাইশ থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার আসামি।
ওসি কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের নির্দেশে পুলিশ সদস্যরা জমির উদ্দিন নামে এক আসামিকে গ্রেফতার করতে আজ দুপুরে তার বাড়িতে যান। এসময় আসামিকে ধরে থানায় নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় আসামির মায়ের দায়ের কোপে দুই পুলিশ সদস্য আহত হন। আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত পুলিশ সদস্য প্রদীপ চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত। দায়ের কোপে তার ঘাড়ে গুরুতর জখম হয়েছে।’








