১০ টাকা দরের চাল চুরির অভিযোগে তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে। শনিবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দীন ভূইয়া জানান, ঘটনা শুনে তারা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে যান। ১৫ বস্তা চাল জব্দ ও তিনজনকে আটক করা হয়।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) শামিম বানু শান্তি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ১৫ বস্তা চাল ও তিন জনকে আটকের পর জরিমানা ও সাজা দিয়েছি। তবে, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে এজেন্ট ও ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আটকদের মধ্যে দুই জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ওমর ফারুক নামে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।’
স্থানীয়রা জানিয়েছেন, ১০ টাকা দরের ১৫ বস্তা চাল সরসপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে দোকানে বিক্রির সময় এলাকাবাসী তিন জনকে আটক করে। ঘটনার পর থেকে ১০ টাকা কেজির চাল বিক্রির এজেন্ট ও ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পলাতক রয়েছেন।
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানের মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।








