কুমিল্লায় প্রয়াত মুক্তিযোদ্ধাসহ দুই প্রবীণ আওয়ামী লীগ নেতার স্মরণসভায় যোগদান করতে গেলে সংরক্ষিত মহিলা আসনে এমপি আঞ্জুম সুলতানা সীমার গাড়িবহরে হামলা, গুলি ও ককলেট বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের কোটেশ্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,‘শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাঁচথুবী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগের কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আ ন ম ওয়াহিদুর রহমানসহ দুই প্রবীণ আওয়ামী লীগ নেতার স্বরণসভার আয়োজন করা হয়। প্রশাসন সভাস্থল কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে। সভাস্থলে ১৪৪ ধারা জারির পর মুক্তিযোদ্ধা আ ন ম ওয়াহিদুর রহমানের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় কোটেশ্বরে ফরিদ মেম্বারের বাড়ির কাছাকাছি পৌঁছলে আমার গাড়ি লক্ষ্য করে অতর্কিততে হামলা চালায়। এসময় ৫০ রাউন্ড গুলি এবং প্রায় অর্ধশতাধিক ককলেট বিস্ফোরণ করে। হামলায় এক শ্রমিকলীগ নেতাসহ তিনজন আহত হয়।
এই হামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নেয়াজ পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক, ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলায় নেতৃত্ব দেন। অভিযুক্তরা কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থিত বলে অভিযোগ করেন আঞ্জুম সুলতানা সীমা।
তিনি বলেন, আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবো।
অভিযোগ অস্বীকার করে কুমিল্লা মহানগর যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ শহিদ বলেন,‘আমরা শুনেছি প্রশাসন কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছেন। সেখানে কেউ প্রবেশের নিয়ম নেই। তাহলে কিভাবে আমরা সভাস্থলে গিয়ে একটি মানুষের গাড়িতে হামলা করি। তাদের অভিযোগ মিথ্যে। এই হামলায় আমাদের কেউ জড়িত নয়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নেয়াজ পাভেল বলেন,‘এ ধরনের কোনও অভিযোগের সঙ্গে আমি জড়িত নয় এবং উপস্থিত ছিলাম না।’
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারির পর থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। কোনও ধরনের হামলা ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি।’







