চাঁদপুরে শাহানাজ বেগম নামের এক গৃহবধূকে হত্যার মামলায় স্বামী মো. মঞ্জিল মিজিসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো– কচুয়া উপজেলার শফিবাদ এলাকার মৃত মোবারক মিজির ছেলে মো. মঞ্জিল মিজি ও একই উপজেলার চাংপুর এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান প্রকাশ ডিস্টিক মিজান। নিহত গৃহবধূ শাহানাজ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. শাহ আলমের মেয়ে।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আমান উল্যা জানান, চাঁদপুরের কচুয়া উপজেলার শফিবাদ এলাকায় ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহানাজ বেগমকে মঞ্জিল ও তার বন্ধু মিজান গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর শাহানাজের বাবা মো. শাহ্ আলম বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৫ ফ্রেব্রুয়ারি কচুয়া থানার এসআই মো. নিজাম উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। দীর্ঘ আট বছর পর ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) আদালত এ আদেশ দেন।








