ব্রাহ্মণবাড়িয়ায় রিপন মিয়া হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তবে এ মামলার আরেক আসামি রিপন মিয়ার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ আদেশ দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শিপন মিয়া (৪৫), বাতেন মিয়ার ছেলে মো. কবির (৩৪) ও কাজী মোস্তফার ছেলে মো. হাবিব (২৩)।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ইউসুফ। তিনি জানান, ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে কোনও একদিন উপজেলার রূপসদী গ্রামের রিপন মিয়াকে হত্যা করে লাশ তার শ্বশুর বাড়ি ভেলানগর গ্রামের একটি জমির বালিতে পুঁতে রাখে তারই তিন বন্ধু শিপন মিয়া, মো. কবির ও মো. হাবিব। এই চার বন্ধু মিলে মাদকের ব্যবসা করতো। এ ব্যবসায় দ্বন্দ্ব দেখা দিলে এর জেরে রিপনের স্ত্রী আমেনা বেগমের সাহায্যে তাকে হত্যা করা হয়।
সূত্র আরও জানায়, এ ঘটনায় রিপনের ভাই বোরো মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলায় আমেনা বেগম ও শিপন মিয়াকে আসামি করা হয়। তদন্তে মো. কবির ও মো. হাবিবের সংশ্লিষ্টতা খুঁজে পেলে তাদের দুইজনকেও অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিপন মিয়া, মো. কবির ও মো. হাবিব হত্যার কথা স্বীকারও করে।








