বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দিয়েছে মোমিনা বেগম নামের এক স্কুলছাত্রী। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নিজে এসে ইউএনও’র কার্যালয়ে এ চিঠি দিয়ে যায় নবম শ্রেণির ওই ছাত্রী। এর আগে গতকাল সোমবার (৫ আগস্ট) আশুগঞ্জের ইউএনও’কেও একই চিঠি দেন এই শিক্ষার্থী।
মোমিনা বেগম আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বইগর গ্রামের মৃত নুরুল আমীনের মেয়ে এবং বেড়তলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ইউএনও-এর কাছে দেওয়া চিঠিতে মোমিনা বেগম উল্লেখ করেন, ‘চার বছর আগে আমার বাবা নূরুল আমীন দুর্বৃত্তদের হাতে খুন হন। এরপর থেকে আমার পরিবার চরম অসহায়ত্বের মধ্যে দিনাতিপাত করে আসছে।’
চিঠিতে মোমিনা অভিযোগ করেন, ‘আমাকে প্রায়ই উত্ত্যক্ত করে আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের শেখ সাদি ভূঁইয়ার ছেলে উসমান ভূঁইয়া। এ নিয়ে তার পরিবারের কাছে নালিশ দিলে বখাটে উসমান আমাকে জোর করে বিয়ের হুমকি দেয়। কয়েকদিন আগে উসমানের পক্ষে স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম, সজিব ভূঁইয়া, আকবর ভূঁইয়াসহ কয়েকজন আমার বাড়িতে এসে আমার বিয়ের জন্য আমার মাকে চাপ দেন। নিরুপায় হওয়ায় এতে আমার মাও সম্মত হন।’
এসব জানার পর সরাইলের কাটানিশার গ্রামে ভগ্নিপতি জাবেদ মিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছেন জানিয়ে মোমিনা চিঠিতে দাবি করেন, ‘গত ৩ আগস্ট উসমান ভূইঁয়া আমার ভগ্নিপতির বাড়িতে এসে আমাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।’
বিয়ের বয়স হয়নি উল্লেখ করে চিঠিতে মোমিনা লিখেছেন, তিনি লেখাপড়া করতে চান। তার বড় এক বোনের এখনও বিয়ে হয়নি; যিনি আশুগঞ্জের তিন্নি আনোয়ার মহিলা কলেজে পড়াশুনা করছেন। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা চেয়েছেন মোমিনা।
এ ব্যাপারে বেড়তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমারদেব বলেন, ‘মোমিনা মেধাবী ছাত্রী। তাকে বিয়ের দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু সে এই বিয়েতে রাজি নয়। গত ৮ দিন ধরে সে স্কুলে আসতে পারছে না।’
মোমিনাকে বিয়ে দেওয়ার ব্যাপারে তার মাকে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে দূর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নূরুল ইসলাম বলেন, ‘মেয়েটির বিয়ের বয়স হয়নি, এটা সত্য। আমি তার মাকে চাপ দেওয়া দূরে থাক, তাদের বাড়িতেই যাইনি।’
এ ব্যাপারে আশুগঞ্জের ইউএনও মো. নাজিমুল হায়দার বলেন, ‘মোমিনার চিঠি আমি পেয়েছি। উসমানসহ সংশ্লিষ্ট সবাইকে আমি ডেকে পাঠিয়েছি।’
এ ব্যাপারে সরাইলের ইউএনও এএসএম মোসা বলেন, ‘মোমিনাকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিষয়টি নিয়ে আশুগঞ্জের ইউএনও-এর সঙ্গে কথা বলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’








