চট্টগ্রামে ওয়াসার খোঁড়া গর্তে পড়ে জয়দেব চক্রবর্তী নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজার থানাধীন কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জয়দেব মোটরসাইকেলসহ গর্তে পড়ে যান। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
আহত জয়দেব চক্রবর্তী বোয়ালখালী উপজেলার বাসিন্দা রতন চক্রবর্তীর ছেলে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, জয়দেব চকবাজার থেকে গণি বেকারির দিকে যাওয়ার পথে মোটরসাইকেলসহ চট্টগ্রাম ওয়াসার খোঁড়া গর্তে পড়ে যান। গর্তে পড়ে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। তাকে হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নগরীতে সড়ক কেটে পাইপ বসানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া ওই প্রকল্পের অধীনে কলেজ রোডের সড়ক কেটে পাইপ বসানোর জন্য গর্ত খোঁড়া হয়।







