ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে ঘাতক স্বামী ওবায়দুল হক টুটুল। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রূব জ্যোতী পাল-এর আদালতে সে তার স্ত্রী তাহমিনা আক্তারকে হত্যার দায় স্বীকার করে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। বাদী পক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান সাজু বলেন, পারিবারিক কলহের জের ধরে এ নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে বলে আদালতের বিচারকের কাছে টুটুল দায় স্বীকার করে । সে আদালতকে জানায়, সে বুধবার দুপুরে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী তাহমিনাকে হত্যা করে। হত্যার ভিডিওটি ভাইরাল করতে সবার কাছে সহযোগীতও চান।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে বারাহীপুর ভূঞা বাড়ির ওবায়দুল হক টুটুল। হত্যার পর জরুরী ৩৩৩ নম্বরে ফোন করে নিজেই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। নিহত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে মেয়ের জামাই টুটুলকে আসামী করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন-
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা: যেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ







