নোয়াখালীতে মঙ্গলবার (১২ মে) নতুন করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে বেগমগঞ্জে ১৫ জন, চাটখিলে দু'জন, সোনাইমুড়িতে একজন এবং সদর উপজেলায় তিন জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬৯ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম থেকে প্রাপ্ত ফলাফলে আট জন, জেলার আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ফলাফলে দুপুরে একজন-বিকালে ১১ জন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর ফলাফলে একজন শনাক্তের খবর আসে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৯ জনের মধ্যে বেগমগঞ্জে ৩৫ জন, সোনাইমুড়ীতে ১০ জন, নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঁচ জন, সদরে পাঁচ জন, হাতিয়ায় পাঁচ জন, চাটখিলে পাঁচ জন, কবিরহাটে দু'জন, সেনবাগে একজন ও কোম্পানীগঞ্জ উপজেলার একজন রয়েছেন। এদের মধ্যে মারা গেছেন তিন জন। করোনা জয় করে বাড়ি ফিরেছেন তিন জন। বর্তমানে সব মিলিয়ে ৫২ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আরও ১১ জনকে আাইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।








