করোনা সংক্রমণ রোধে এবার চাঁদপুরে নতুন পদ্ধতিতে লকডাউন কার্যক্রম চালাবে স্থানীয় প্রশাসন। এর আগে পুরো জেলা লকডাউন করা হলেও পরে তা শিথিল করা হয়। তবে এখন থেকে জেলা বা উপজেলা লকডাউনের পরিবর্তে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কজ করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৮ জুন) জেলা প্রশাসক মাজেদুর রহমান খান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের বাইরে সরকারি অন্য কোনও নির্দেশনা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার সন্ধ্যায় করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে ভার্চুয়াল সভা করা হয়। সভা করার আগে জেলা প্রশাসক মাজেদুর রহমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সিনিয়র সচিব শাহ কামাল সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নেন। এই সভায় লকডাউন পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় অংশ নেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, এনএসআই এর যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।







