রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর শহরের কাঠালতলী এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) ও মোশারফ হোসেন (৩৯) গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে দুজনকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা।
প্রায় একই সময়ে কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এই সময় মোটরসাইকেলের আরেক আরোহী সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হন।
রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা তিন জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, রাঙামাটি শহরের দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং কুতুকছড়ির দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত এবং অপরজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক লিমন বোস বলেন, দুটি দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। শহরের দুর্ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।







