‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’—এই স্লোগানে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোর্শেদ খান, পুলিশ সুপার মো. আলমগীর কবীর, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের দায়িত্ব হলো দফতরে বসে জনগণের কাজ করা। কিন্তু আজ আমরা প্রতিবাদ সভা করছি। প্রতিবাদের যৌক্তিক কারণও আছে। আজ মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। একটি স্বাধীন দেশে এটা মেনে নেওয়া কঠিন। এটি একটি ফৌজদারি অপরাধ, এদের বিচারের আওতায় আনা হোক।
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘আমাদের অর্থনীতি আজ যেমন সারবিশ্বে রোল মডেল হয়েছে, ঠিক তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতিও সারাবিশ্বে রোল মডেল হবে। ১৯৭১ সালে আপনাদের এই মতবাদ বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, বর্তমানেও করছে না, ভবিষ্যতেও গ্রহণ করবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’








