দুই দিন কম থাকার পর চট্টগ্রামে ফের শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১২৯ জন। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে এক হাজার ৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৯ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে করোনা আক্রান্ত দুই জন মারা গেছেন।
এর আগে, গত দুইদিন চট্টগ্রামে করোনা শনাক্তের হার কম ছিল। স্বাস্থ্য বিভাগ সোমবার (৭ জুন) ৬০ জন ও রবিবার (৬ জুন) করোনা ৭২ জনের করোনা শনাক্তের তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৪টি নমুনা পরীক্ষায় ৩৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় ২৪জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭টি নমুনা পরীক্ষা করে ছয় জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৫টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৮ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষা করে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এপিক হেলথ কেয়ার ল্যাবে তিনটি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়নি।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০১টি নমুনা পরীক্ষা করে সাত জনের করোনা শনাক্ত হয়।









