অগ্রিম টাকা পরিশোধের পরও দীর্ঘদিন পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকসহ সাত জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলাটি দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ জানান, নুরুল আবছার পারভেজ নামে এক ভুক্তভোগী গ্রাহক মামলাটি দায়ের করেছেন।
মামলায় আসামিরা হলেন– প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।
অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ই-অরেঞ্জ সারাদেশে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছে। আমরা চট্টগ্রামের প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত চেয়ে আদালতে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’
মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ মের পর থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য মামলার বাদী নুরুল আবছার পারভেজ, মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খান নামে তিন ব্যবসায়ীর প্রায় সাড়ে ১১ লাখ টাকা ই-অরেঞ্জকে প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ের পরও গ্রাহকদের কোনও পণ্য সরবরাহ করেনি। অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ কর্তৃপক্ষ ফেসবুকে নোটিশের মাধ্যমে বিভিন্ন সময় গ্রাহকদের পণ্য সরবরাহের আশ্বাস দেয়, কিন্তু তারা পণ্য সরবরাহ করেনি।









