ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ৯ ইউনিয়নের সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হলেও বাকিরা মাঠের ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ।
বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন- বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটিতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, তরপুরচন্ডী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ৮নং বাগাদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নে রফিক উল্লাহ মাস্টার এবং চান্দ্রায় বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
চাঁদপুরের ৯ ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১, সাধারণ সদস্য পদে ২৭৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার হানারচর ইউনিয়নের নির্বাচন আট সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাঢ়ীর রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন উচ্চ আদালত।









