নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার-পেশকারহাট সড়কে শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মো. ইব্রাহীম অপু (১৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খালেক মুন্সী বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অপু তার এক বন্ধুসহ শুক্রবার বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। সন্ধ্যায় মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অপু। খবর পেয়ে, নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।









