শীত মৌসুমে দেশের অন্য জেলায় লোডশেডিংয়ের তেমন প্রভাব না থাকলেও খাগড়াছড়ি জেলায় এর কারণে বিপর্যস্ত গ্রাহকরা। ভোগান্তির জন্য গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করলেও কর্মকর্তারা দায়ী করছেন ব্যাটারিচালিত টমটমকে।
খাগড়াছড়ি জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার প্রায় ৪৭ হাজার গ্রাহকের জন্য প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে ১৫ থেকে ১৬ মেগাওয়াট। কিন্তু গড়ে বিদ্যুত পাওয়া যায় ১২ থেকে ১৩ মেগাওয়াট। এই কম বিদ্যুত দিয়ে চাহিদা পূরণে যখন বিউবো হিমশিম খাচ্ছে, তখন সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে পুরো জেলায় চলা প্রায় ৩ হাজার ৫০০ ব্যাটারিচালিত টমটম। এসব টমটম চালানোর জন্য প্রতিদিন গড়ে ব্যয় হয় প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে এই শীতেও বিদ্যুৎ ভোগান্তির শিকার খাগড়াছড়িবাসী।
খাগড়াছড়ি বিউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, খাগড়াছড়ি জেলায় অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা এখনি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে গরমে ভোগান্তি আরও বাড়বে। তখন বিউবোর কিছুই করার থাকবে না।
/জেবি/আপ-এআর/







