চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় কাভার্ডভ্যান ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডাম্প ট্রাকের চালক লোহাগাড়ার আধুনগর এলাকার কফিল উদ্দিন (২৫) ও হেলপার একই এলাকার বাসিন্দা মো. মাহফুজ (২৩)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার চুনতি বনপুকুরপাড় এলাকার একটি ডাম্প ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।









