চট্টগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় রমজান আলী (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টায় কর্ণফুলী থানার ইছানগর পাথরঘাটায় বাসু বাড়ির সামনে এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছুরিকাঘাতে আহত অবস্থায় রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান আলী কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক ছিলেন।
মো. খোকন নামে নিহতের একজন প্রতিবেশী জানান, বুধবার (১৫ জুন) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের সদস্য পদে পরাজিত মেম্বার ইসহাকের অনুসারী ছিলেন রমজান আলী।
বিজয়ী মেম্বার সাইদুল হকের অনুসারী খোরশেদ ও শাহেদ মারধর ও ছুরিকাঘাতে অংশ নেয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর রমজান আলীর মৃত্যু হয়।









