চট্টগ্রামে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অপরাধে সিএনজিচালিত অটোরিকশাচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম একরামুল হক (৬২)। সে জোরারগঞ্জ থানার দক্ষিণ আজমনগর ২নং হিঙ্গুলী ইউনিয়নের মৃত ছাদিকের রহমানের ছেলে।
বুধবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। একই রায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৫ আগস্ট ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আচার, চকলেট কিনে দেওয়ার আশ্বাসে ধর্ষণ করে। ঘটনার দুদিন পর ৭ আগস্ট জোরারগঞ্জ থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, মামলা তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ১২ অক্টোবর মামলার একমাত্র আসামি একরামুল হকের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় দেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তিন লাখ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত অর্থ পাবে ভুক্তভোগী।









