চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে ট্রাকের ধাক্কায় নয়ন ভূঁইয়া (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের ছেলে। নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা মো. সবুজ জানান, নয়ন বাইসাইকেল নিয়ে চিনকিরহাটে ওষুধ কিনতে গিয়েছিল। সেখানে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, নয়ন নামে এক কলেজছাত্র ট্রাকচাপায় মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।







