কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছেলের ছোড়া গুলিতে মো. ইউনুছ (৪৫) এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৩১ আগস্ট) দুপুর ১টায় উপজেলা সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মো. ইউনুছ ওই এলাকার মৃত হোছেন আহমেদের ছেলে। অভিযুক্ত আবদুল আমিন (২৮) তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নাজিরপাড়া এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে আবদুল আমিনের সঙ্গে প্রতিবেশী আবুল ফয়েজের বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের স্বজনসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে আবদুল আমিন কোমর থেকে পিস্তল বের করে ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ফয়েজ সরে পড়লে ঘটনাস্থলে থাকা ইউনুছের হাতে গুলি লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার বলেন, ‘বাঁ হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ছোড়া গুলি বাবার হাতে লেগেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









