যা বলছেন কুমিল্লা থেকে নিখোঁজ ছাত্রদের মা-বাবা

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
০৭ অক্টোবর ২০২২, ১৩:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৩:০৮

কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে গত ২৩ আগস্ট নিখোঁজ হন সাত তরুণ। তাদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ছাত্রদের মধ্যে চারজনসহ মোট সাতজনকে ‘জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগে গ্রেফতার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তবে ওই ছাত্রের পরিবারের কেউই এই বিষয়টি মানতে নারাজ।

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ওই ছাত্রদের একজন ইমরান বিন রহমান। তার বাবা মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই ধার্মিক। ধার্মিক মানে জঙ্গি নয়। তার মাঝে এমন সিন্ড্রোম কখনই দেখিনি। সে স্বাভাবিকভাবেই ছিল আমাদের কাছে। এখন শুনি সে নাকি জঙ্গি। আচ্ছা, আমি মানলাম সে কারও মাধ্যমে সেদিকে ডাইভার্ট হয়েছে। র‍্যাব বলছে তাদের কাছে নাকি জঙ্গি সংশ্লিষ্ট বই পেয়েছে।

আমার প্রশ্ন হলো, যদি চাঁদপুর পুলিশ তাদের ধরে তাহলে—পুলিশ কেন ওই বই বা এটা-সেটা পেলো না? তারা কেন এই ছেলেদের আটক করলো না? ওখানে তারা সাত-আট জন ছিল। এখন কেন মাত্র তিনজনকে গ্রেফতার দেখাবে? বাকিরা কোথায়? র‍্যাব নাকি তাদের সবার সম্পর্কেই জেনেছে। তাহলে র‍্যাব এখন কেন বাকিদের খোঁজ দিচ্ছে না। আর নিলয়কে র‍্যাব তুলে নিয়ে গেছে একমাস ছয়দিন আগে। এটা এখন কেন বলছে? আগে কেন বলেনি? আমার এসব প্রশ্নের উত্তর কে দেবে?

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও আমি দুজনেই শিক্ষিত। আমার ছেলে জঙ্গি হয়ে যাবে—আমরা বুঝবো না? আমরা তো ওর দিকে নজর রাখতাম। ও বাড়ির বাইরেও যেত না। আমরা ওর প্রত্যেকটা বিষয় নজরে রাখতাম। আমরা কী জানাশোনা লোক হয়েও ছেলেকে জঙ্গি বানাতে দিতাম?

আমিনুল ইসলাম ওরফে আল আমিনের মা রানোয়ারা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, আমার দুই ছেলে আল আমিন ও মঈনুল ইসলাম। আমার দুই ছেলে আমার হাতে গড়া। সে জঙ্গি-ফঙ্গি হতেই পারে না। আল আমিন তার বাবার দোকানের দ্বিতীয় তলায় একটি স্টুডিও দিয়ে সেখানে বসতো। আর ছোট ছেলে বুয়েটে পড়ে। স্টুডিওতে আল আমিন কাজ করতো। আমরা কখনও তার মধ্যে এমন ভিন্ন কিছু পাইনি। তবে এটা সঠিক—সে ধার্মিক ছিল।

এখন আমার প্রশ্ন, যদি দুই ছেলে উদ্ধার হয়—আমার ছেলে কই? যদি সে ভুল পথে গিয়েই থাকে তাহলে আমরা তাকে ভালো পথে আনার ব্যবস্থা করার অনুরোধ করছি। কিন্তু তাই বলে তাকে লুকিয়ে রাখা হবে কেন? আর তাছাড়া সত্যিই যদি আমার ছেলে জঙ্গি হয়ে থাকে তাহলে যারা আমার ছেলেকে ওই পথে নিয়েছে তাদের আগে শাস্তি হোক।

তিনি আরও বলেন, যেদিন সে বের হয়েছে সেদিনও বুঝিনি সে আর ফিরবে না। স্বাভাবিক ছিল সব। তবে সে বলেছিল—স্থানীয় কুবা মসজিদে কেউ একজন তাকে তাবলিগে যেতে বলেছে। কিন্তু আমি তাকে নিষেধ করেছি। এর কয়েকদিন পর সে নিখোঁজ। 

নিহাল আবদুল্লাহ'র বাবা সাইফুল ইসলাম বলেন, ছেলেরা কই জানি না। নিহাল আর নিলয় খালাতো ভাই। তারা নিখোঁজ শুধু এটাই জানি। আমরা ঢাকায় র‍্যাব সদর দফতরে যাচ্ছি। দেখি কী বলেন তারা? এই ছাড়া কোনও কথা বলতে রাজি হননি তিনি।

নিখোঁজ আস-সামীর বাবা মাহাবুবুর রহমান বলেন, এটা অসম্ভব। আমার ছেলে এগুলোতে জড়াতেই পারে না। র‍্যাব আরও বলছে—তারা নাকি দুই বছর ধরে ট্রেনিং নিচ্ছে। তাদের বয়স মাত্র ১৮-তে পড়েছে। তারা কী করে এই বয়সে আবার ট্রেনিংও নিয়ে নিচ্ছিল?

সরকারকে বলবো, আমরা সরকারের প্রতিপক্ষ নই। সরকারও আমাদের এটা না ভাবুক। ছেলেটাকে আমি ছোটবেলা থেকে দেখে-শুনে বড় করেছি। আমার ওয়াইফ গৃহিণী। আমাদের সামনে ছেলের কোনও অস্বাভাবিক আচরণ দেখলেই আমরা বুঝতাম। সে ধার্মিক ছিল। নামাজ-কালাম করতো। কোরান শরিফ পড়তো। পরীক্ষা ছিল—তাই তেমন বের হতো না। টিচার এসে শুধু পড়িয়ে যেতো। তারপরেও বলবো—যদি আমাদের ছেলে কোনও ভুল পথে গিয়ে থাকে তাহলে তাকে ভালো পথে আনার জন্য কাজ করতে হবে। তাকে দ্রুত খোঁজ করে আমাদের দুশ্চিন্তা দূর করার অনুরোধ করছি। আমাদের আর কিছু বলার নেই। শুধু ছেলে চাই।

নিখোঁজ ইমতিয়াজ আহমেদ রিফাতের বাবা ফয়েজ আহমেদ বলেন, র‍্যাব অফিসে আছি। ছেলেটা স্বাভাবিক ছিল। তার কোনও সিন্ড্রোম আমরা পাইনি। এখন দেখি র‍্যাব বলছে—তার জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে। তাকে উদ্ধার করেছে। কী আর বলার! আমি কী বলবো বুঝি না—বলে কল কেটে দেন তিনি।

এদিকে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মো. হাসিবুল ইসলামকে র‍্যাব উদ্ধার করেছে। তাছাড়া সরতাজুল ইসলাম নিলয় নামের আরেক শিক্ষার্থীর পরিবারের কারও সাথে যোগাযোগ করা যায়নি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ, গত ২৩ আগস্ট বাসা থেকে বের হন কুমিল্লার সাত শিক্ষার্থী। পরে তাদের আর কোনও খোঁজ মেলেনি। শিক্ষার্থীরা কুমিল্লার বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন।

এখন নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ইমরান বিন রহমান (১৭), সামি (১৮), নিহাল (১৭), ভিক্টোরিয়া কলেজের অনার্সের (৩য় বর্ষ) শিক্ষার্থী আমিনুল ইসলাম আলামিন (২৩)।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম