কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দফতরির খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগ্নেয়াস্ত্রসহ দফতরি এনামুল হককে গ্রেফতার করে পুলিশ।
এ সময় একটি পাইপগান ও ছয়টি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতার এনামুল গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল এনামুলের থাকার কক্ষে দেশীয় বেশকিছু অস্ত্র রয়েছে। পরে স্কুল ভবনের দ্বিতীয় তলার এনামুল হকের থাকার কক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান ও ছয়টি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।









