শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা ধাপে ধাপে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রোরেল ও স্যাটেলাইটসহ তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি এখন দৃশ্যমান। তাই সবার প্রতি আহ্বান, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।’
মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানার গোয়াল গাড়া বজ্রধাম মন্দির প্রাঙ্গণে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ নম্বর এনায়েত বাজার সংরক্ষিত-৮ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নিলু নাগের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘তাপপ্রবাহের তারতম্যের কারণে অসহায় ও গরিব মানুষ শীতে কষ্ট পাচ্ছে। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ জায়গা থেকে এসব অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসি। তাহলে এ শীতে কেউ কষ্ট পাবে না।’
সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েত বাজার আওয়ামী লীগ নেতা মানিক ঘোষ, বিপু ঘোষ বিলু, রিটু দাশ বাবলু, মহানগর শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, সাবেক কেন্দীয় ছাত্রলীগ নেতা আশিকুন্নবী চৌধুরী প্রমুখ।








