মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়। দুদক চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে দরপত্র ছাড়াই মশার ওষুধ কেনার অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, অভিযানকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মশার ওষুধ কেনার বরাদ্দ করা অর্থ থেকে ১৬ বারে ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার ওষুধ কেনা হয়। সিটি করপোরেশন ওই ক্রয় কার্যক্রম পিপিআর-২০০৮ মোতাবেক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সম্পন্ন না করে পিপিআর-২০০৮-এর বিধি ৭৪(১) ও বিধি ৭৭ লঙ্ঘন করেছে। সামগ্রিক চুক্তি/ক্রয়াদেশকে ছোট ছোট সংখ্যায় ও মূল্য সীমায় বিভক্ত করে প্রতিবারে পাঁচ লাখ টাকার কম মূল্যের দরপত্র আহ্বান করা হয়। সিটি করপোরেশন বেআইনিভাবে নগরের অরভিন সাকিব ইভানের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালকে লাভবান করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ বার কার্যাদেশ দিয়েছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ওষুধ কেনায় যেসব অভিযোগ আনা হয়েছে, তা আমি দায়িত্ব নেওয়ার আগে হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। যে কারণে জরুরি ভিত্তিতে ২০ লাখ টাকার ওষুধ কেনা হয়।









