চট্টগ্রামের হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামি পক্ষের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
এর আগে হাটহাজারীর ভূমি অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা এই মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামুনুল হককে গ্রেফতার দেখানো হয়। তবে এদিন আদালতে আনা হয়নি মামুনুল হককে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৬ মার্চ ভূমি অফিসে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে হাটহাজারী থানায় একটি মামলা করেন ওই অফিসের নাজির একরামুল হক শিকদার। মামলায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছর আদালতে চার্জশিট দেয় পুলিশ।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীরা থানায় হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে চার জন নিহত হন। ঘটনার জেরে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা, ডাকবাংলো, সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালান। সেইসঙ্গে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় হাটহাজারী উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (নাজির) মো. একরামুল হক শিকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা মামলায় জামিন চাইলে আদালত শুনানি শেষে মামুনুল হকের জামিন নামঞ্জুর করেন। মামলাটি এখনও পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে এ মামলায় মামুনুল হকের সম্পৃক্ততা পান তদন্তকারী কর্মকর্তা। এ কারণে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামুনুল হককে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। আজ এই মামলায় আইনজীবীর মাধ্যমে মামুনুল হক জামিন আবেদন করেন।’









