আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে একক ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের মেডিক্যাল কলেজগুলোতে এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে পাবলিক, প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় আসবে। কী পদ্ধতিতে এবং কী নামে পরীক্ষা হবে, তা ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেবে।’
বুধবার (০৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর থেকে একক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্বের অনেক উন্নত দেশে এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমাদের এখানে হয়তো বছরে একাধিকবার পরীক্ষা হবে। এখানে সব ধারার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। সে পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধা কমিটি তালিকা তৈরি করবে। তালিকা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যবস্থা করবে।’
অনুষ্ঠানে সদর জেলার ৪০টি উচ্চ বিদ্যালয়ের ২৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।








