টিসিবির সয়াবিন তেল বেশি দামে খোলা বাজারে বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় দুই হাজার ৫৫২ লিটার টিসিবির লোগোযুক্ত সয়াবিন তেল জব্দ করা হয়। সোমবার (১০ জুলাই) চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বিসিএসআইআর গবেষণাগারের বিপরীতে কালাম স্টোর নামে একটি মুদির দোকানে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. খোরশেদ আলম (৪০), আব্দুল সালাম (৪৭), মো. নয়ন (২২) ও আল হাদীস (২৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী টিসিবির সয়াবিন তেল খোলা বাজারে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে বিক্রি না করে বেশি মুনাফার আশায় অবৈধভাবে মজুত করেছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করে অবৈধভাবে ওই দোকানে মজুত রাখে। এরপর অন্য তেলের লোগো লাগিয়ে বিক্রি করে আসছে।








