ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার এলাকায় অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাওলানা নুর উল্লাহ (৩৬) নামের এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মারা যান।
তিনি মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা গ্রামের বিসমিল্লাহ হাজী বাড়ির বাসিন্দা ও আমেরিকা প্রবাসী মাওলানা মো. ইউসুফের ছেলে।
তার মামা ইসহাক মাসুদ জানান, শনিবার সন্ধ্যায় বারইয়ারহাট বোর্ড অফিস জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে মারা যান।
তিনি আরও জানান, নুর উল্লাহ সপরিবার আমেরিকা থাকেন। দুই মাস আগে স্ত্রী, তিন মেয়ে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। আর আমেরিকা যাওয়া হলো না তার। মা-বাবা আমেরিকা থেকে এলে জানাজার সময় নির্ধারণ করা হবে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আমি দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।









