চট্টগ্রামে পুলিশ হেফাজতে সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত এক উপপরিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘তাকে গ্রেফতারের পর শরীর খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘একটি সিআর মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ১৫ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’
এদিকে, পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুকে ঘিরে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার স্বামী রাত সাড়ে ৮টায় চকবাজার কেয়ারিতে মিটিংয়ে যাচ্ছে বলে বাসা থেকে বের হন। পরে শুনলাম চেয়ারম্যান ঘাটার একটি পরিচিত ফার্মেসি থেকে তাকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে দুই ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনসহ বেশ কয়েকজন প্রতিবেশী থানায় যান। উনি হার্টের পেশেন্ট; ওনার ইনহেলার আর মেডিসিন লাগে সবসময়।’
তিনি আরও জানান, ‘তাকে থানায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফটক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ আমার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সর্বশেষ চট্টগ্রামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৭ সালের ১২ জুলাই অবসর গ্রহণ করেন।








