বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে ছুরিকাঘাত করে এক পর্যটক দম্পতির নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তসলিম উদ্দিন (৩২) নামে এক পর্যটক আহত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের উপরে দোকান ঘরের পাশে এ ঘটনা ঘটে।
আহত পর্যটক তসলিম উদ্দিন (৩২) ময়মনসিংহের মুক্তাগাছার তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাঈম উদ্দিনের ছেলে।
আহত পর্যটকের স্ত্রী রিতু আকতার জানান, আজ দুপুরে ময়মনসিংহ থেকে মোটরবাইক নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবানে আসেন তারা। পরে বিকালে মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণে যান। সন্ধ্যায় ফেরার পথে কেবল কার পয়েন্টের পাহাড়ের উপরে দোকানের কাছাকাছি নির্জন এলাকায় দুই জন তাদের গতিরোধ করে। অজ্ঞাত ওই দুই যুবক তাদের সঙ্গে থাকা সব কিছু দিয়ে দিতে বলেন। এসময় তসলিম না দিতে চাইলে তারা তার পেটে ছুরি মেরে সাথে থাকা নগদ ২৫ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে সাহায্যের জন্য চিৎকার করলে পার্শ্ববর্তী দোকান থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে ও স্থানীয় পুলিশকে খবর দেয়।
আহত পর্যটককে উদ্ধার করে পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব জামান জানান, আহত এক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
বান্দরবান মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস জানান, এই ঘটনায় জড়িদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া আহত পর্যটক তসলিম উদ্দিনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মোটর বাইকটিও প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।








