রেলট্র্যাক ভাঙা থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী 'চট্টলা এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড উপজেলার শুকলাল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। সীতাকুণ্ডে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনের পেছনে থাকা একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। ধারণা করছি, দুর্বৃত্তরা রেলট্র্যাক ভেঙে ফেলায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল রুম সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি সকাল ১০টায় উদ্ধার করা হয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ট্রেন দুর্ঘটনার পেছনে কোনও নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এতে কোনও ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









