টানেলে অনিয়ন্ত্রিত গতি, ধরবে কে?

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০১ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কিছুতেই যেন যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। টানেলের ভেতরে গতিসীমা বেঁধে দেওয়া হলেও মানছেন না অনেক চালক। উদ্বোধনের পর গত তিন মাসে টানেলের ভেতরে-বাইরে দুর্ঘটনা ঘটেছে সাতটি। এতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। কার রেসিং, টানেলের ভেতর গাড়ি থামিয়ে ছবি তোলা, নির্ধারিত গতিতে গাড়ি না চালিয়ে কম-বেশিতে চালানো এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে জানান সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তবে, এসব দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই থানায় মামলা হয়নি। টানেলে অনিয়ন্ত্রিত গতি, ধরবে কে?

গত বছরের ২৯ অক্টোবর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে তিন মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে টানেলের ভেতর ঘটেছে তিনটি। টানেলের আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কে তিনটি এবং পতেঙ্গা প্রান্তে ঘটেছে একটি দুর্ঘটনা।

টানেলে একের পর এক দুর্ঘটনার জন্য গতি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ না নেওয়াকে দায়ী করছেন কর্মকর্তারা। টানেলে এখনও বসানো হয়নি স্পিড ক্যামেরা। এ প্রসঙ্গে সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ট্রাফিক) তানভীর রিফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানেলে স্পিড লিমিট ৬০ কিলোমিটার উল্লেখ করা আছে। অনেকেই এর কম-বেশি গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এজন্য টানেলের ভেতর-বাইরে স্পিড ক্যামেরা বসানোর বিকল্প নেই। বর্তমানে সিসি ক্যামেরা দিয়ে টানেলে যানবাহন মনিটরিং করা হচ্ছে। টানেলে মোট ১১০টি সিসি ক্যামেরা আছে। আনোয়ারা প্রান্তে থাকা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে।’

টানেলে যত দুর্ঘটনা

গত ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে টানেলের ভেতর প্রাইভেটকার-মাইক্রোবাসসহ একে একে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন আহত হয়েছেন।

কর্ণফুলী থানার এসআই বিল্লাল হোসেন জানান, শনিবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। পরে আরও বেশ কয়েকটি গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলো। এতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাস। আহত হয় প্রাইভেটকার চালকসহ চারজন। পরে কর্তৃপক্ষ গাড়ি দুটি উদ্ধার করে টানেলের বাইরে নিয়ে যায়।

টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, ‘একটা গাড়ির কম গতি ছিল, আরেকটির বেশি ছিল। এ কারণে বেশি গতির গাড়িটি সামনে থাকা কম গতির গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।’ টানেলে অনিয়ন্ত্রিত গতি, ধরবে কে?

এর আগে গত ৩০ জানুয়ারি ভোরে টানেলের সংযোগ সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরও দুই বাইসাইকেল আরোহী। 

১৮ জানুয়ারি সকালে টানেলের ভেতর দিয়ে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল মুরগিবাহী একটি পিকআপ। গাড়িটি টানেল অতিক্রম করার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের ক্ষতি হয়। ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় দেখার পর গাড়িটি সরিয়ে নেওয়া হয়। এসময় গাড়িতে থাকা দুজন আহত হন।

গত ১৬ জানুয়ারি টানেলের আনোয়ারা প্রান্তে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট গুঁড়িয়ে যায়। এতে দায়িত্বরত নৌবাহিনীর এক সদস্যসহ সাত জন আহত হন। সকাল সাড়ে ছয়টার দিকে টানেল সড়কের বৈরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ জানুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী থেকে ছয় জন যাত্রী নিয়ে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল একটি মাইক্রোবাস। টানেলের সংরক্ষিত সড়কে প্রবেশের আগমুহূর্তে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিকিউরিটি পোস্টে গিয়ে পড়ে। এতে পোস্টটি গুঁড়িয়ে গেলে দায়িত্বরত নৌবাহিনীর এক সদস্যসহ সাত জন আহত হন।

এর আগে গত ১০ নভেম্বর টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জংশন-সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসেন নামে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা নিহত হন।

গত ৩ নভেম্বর রাত ৯টায় টানেলের ভেতর বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের ভেতর থাকা চার যাত্রী আহত হয়।

৩০ অক্টোবর আনোয়ারা প্রান্তে টোল প্লাজা-সংলগ্ন এলাকায় একটি প্রাডো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা চালক আহত হন।

টানেলে বিপজ্জনক কার রেসিং

উদ্বোধনের দিন ২৯ অক্টোবর মধ্যরাতে টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী একদল যুবক। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় মেতে ওঠে তারা। মোটর রেসের বেশ কয়েকটি ভিডিও ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই রেসে প্রায় দশটি প্রাইভেটকার অংশ নেয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে নগরীর কর্ণফুলী থানায় মামলা করা হয়। সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্তৃপক্ষের সহকারী ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। মামলার এজাহারে কারের নম্বর উল্লেখ করে সাতটি কারের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, টানেল কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান পরামর্শক্রমে মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করে। টানেলের প্রবেশমুখ, ভিতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটারের সাইনবোর্ড সাঁটানো হয়। ২৯ অক্টোবর রাত অনুমান ১১টায় ক্রসিং এলাকায় ৭ থেকে ১০টি প্রাইভেটকার নিয়ে অজ্ঞাতনামা চালক এবং তাদের সহযোগী পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থানে টানেল কর্তৃপক্ষের সাঁটানো সাইনবোর্ডে উল্লেখ থাকা সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে। গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে টানেলের সিসিটিভি মনিটরিং কর্তৃপক্ষ ঘটনাস্থলে থাকা সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সাতটি গাড়ির নম্বর শনাক্ত করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর কার রেসিং প্রতিযোগিতার ঘটনায় টানেল কর্তৃপক্ষ মামলা করে। এ ঘটনায় ৯ নভেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি কার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত মো. আশরাফুল হক ও মো. এমরান উদ্দিনকে গ্রেফতার করা হয়। আরও পাঁচ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন নেন। মামলাটি এখনও তদন্তাধীন আছে।’

টানেলে অনিয়ন্ত্রিত গতি, ধরবে কে? টোল নিয়ে পুলিশের আপত্তি

দুর্ঘটনা কিংবা কোনও কাজে আইনশৃঙ্খলা বাহিনী টানেলে প্রবেশ করলে কিংবা টানেল পার হতে চাইলে দিতে হয় টোল। এ কারণে টানেলে কোনও সমস্যা হলেও পুলিশ সদস্যদের যেতে অনাগ্রহ দেখা যায়।

এ প্রসঙ্গে টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সেতু কর্তৃপক্ষ থেকে এ পর্যন্ত ৪৮টি গাড়িকে টানেলে চলাচলের জন্য টোল ফ্রি করা হয়েছে। এরমধ্যে সিএমপির পতেঙ্গা ও কর্ণফুলী থানার দুই ওসির দুটি গাড়ি এবং পুলিশের আরও একটি গাড়িসহ মোট তিনটি গাড়ি টোলফ্রি আছে। এর বাইরে সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, কর্ণফুলী ও পতেঙ্গা থানা এলাকার এসি-ল্যান্ড, টানেল মেরামতের সঙ্গে নিয়োজিত মোট ৪৮টি গাড়ি টোলফ্রি করা হয়েছে। এর বাইরে যে গাড়ি টানেল পার হতে চাইবে তাকেই টোল দিতে হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর-বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানেল এরিয়ার মধ্যে পুলিশের কোনও কার্যক্রম নেই। টানেলের বাইরে ট্রাফিক পুলিশ সুচারুভাবে দায়িত্ব পালন করছে। টানেল কর্তৃপক্ষ ভেতরে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করে। টানেলের ভেতর প্রবেশ করলে পুলিশের গাড়িকেও টোল দিতে হয়।’

পুলিশ সরকারি কাজে টানেলে যাবে, টোল দেবে কেন প্রশ্ন রেখে তিনি বলেন, টানেল কর্তৃপক্ষ যেকোনও প্রয়োজনে আমাদের সহযোগিতা চাইলে কিংবা ডাকলে আমরা অবশ্যই সহযোগিতা করে থাকি।’ 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু টানেল চালুর পর থেকে নিজস্ব সিকিউরিটি ফোর্স এটি নিয়ন্ত্রণ করছে। টানেল দিয়ে পুলিশের গাড়ি প্রবেশ করলেও টোল দিতে হচ্ছে। এ কারণে পুলিশ কোনও কারণ ছাড়া টানেলে প্রবেশ করছে না। তবে কর্ণফুলী ও পতেঙ্গা থানার দুই ওসির গাড়ি টোলফ্রি। তারা সবসময় যেতে পারেন না।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক ট্রাফিক সার্জেন্ট বলেন, ‘যানবাহন নিয়ন্ত্রণে মাঠে কাজ করেন সার্জেন্ট-টিআইরা। তাদের কাছে আছে মোটরসাইকেল। অথচ টানেলের ভেতর মোটরসাইকেল নিয়ে প্রবেশে বিধিনিষেধ আছে। পুলিশ কোনও কাজে গেলেও টোল দিতে হচ্ছে। এ কারণে পুলিশের টানেলে যেতে আগ্রহ কম।’

টোল হার

টানেল পাড়ি দিতে প্রাইভেটকার ও পিকআপ ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, বাস (৩১ সিটের কম) ৩০০ টাকা, বাস (৩২ সিটের বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫ দশমিক ০১ থেকে ৮ টন) ৫০০ টাকা, ট্রাক (৮ দশমিক ০১ থেকে ১১ টন) ৬০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক ও ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা টোল দিতে হয়।

টানেল নির্মাণে ব্যয়

টানেল নির্মাণে শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ৪৪৬ দশমিক ৬৪ কোটি টাকা। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটি টাকায় দাঁড়ায়। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ সুদে ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা দিয়েছে। বাকি টাকা দেয় বাংলাদেশ সরকার।

গত ২৮ অক্টোবর চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিজ হাতে টোল দিয়ে টানেল পার হয়ে আনোয়ারা প্রান্তে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত