চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে ভেতরে আটকা পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের খলিশাডুলি ওয়াপদা গেট এলাকার অস্থায়ী ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর (অব.) মো. আবদুল হাইয়ের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় তালা ঝুলিয়ে দেন তারা। এরপর ক্যাম্পাসের সামনে আন্দোলনকারীরা ক্রিকেট ও ফুটবল খেলে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজনীন তাজ ছোঁয়া, মো. আল আমিন খান, ওমর ফারুক ও পালকন সৌরভ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের প্রতিহত করতে উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। গোয়েন্দা সংস্থার কাছে আমাদের বিষয়ে নানা তথ্য দিয়েছেন। বিক্ষোভ দমাতে নানাভাবে হয়রানি করেছেন। এজন্য তার পদত্যাগ চাইছি আমরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর হলেও কোনও সুযোগ-সুবিধা পাইনি আমরা। আমাদের দাবি না মানায় আজকে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এই স্বৈরাচারী ভিসি ও রেজিস্ট্রার পদত্যাগ না করা পর্যন্ত এই তালা কোনও অবস্থায় খুলবো না।
ভেতরে আটকা পড়া ভিসির ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর মো. আরিফ বলেন, ‘আমরা অবরুদ্ধ আছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের অবরুদ্ধ করে রাখবে।’









