সাত বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলা পুনঃতদন্তের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) রিভিশন মামলার শুনানি শেষে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জিন্নাত আরা বেগম।
মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৭ সালের ১৮ জুলাই রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে। সে সময় পরিবেশ-পরিস্থিতির কারণে কেউ মামলা করার সাহস করেনি।
তিনি বলেন, ঘটনার দুই দিন পর আমি নিজে বাদী হয়ে আদালতে মামলা করেছিলাম। মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।
এই আইনজীবী বলেন, আমি জজকোর্টে রিভিশন করে দীর্ঘ ৬/৭ বছর শুনানি করিনি। আজ রিভিশন মামলাটি শুনানি শেষে পুনঃতদন্তের আদেশ দেন আদালত। মামলাটি এখন রাঙ্গুনিয়া থানা পুলিশ তদন্ত করবে।
উল্লেখ্য, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন।
এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ওই সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতৃবৃন্দ।
এ ঘটনার দুই দিন পর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি করেন।









