চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে নাকে ও মাথায় আঘাত পান তিনি। তার নাক দিয়ে রক্ত ঝরেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তবে গুজব উঠেছে, কারাগারে আটক কয়েকজন বন্দির হামলায় তার মাথায় ও নাকে জখম হয়েছেন। তবে বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন কারা কর্মকর্তারা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সন্ধ্যায় সাবেক সংসদ এম এ লতিফকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে আনা হয়। তবে তার কী সমস্যার জন্য আনা হয়েছে তা আমার জানা নেই।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, ‘কারাগারে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক সংসদ এম এ লতিফ। তিনি বাইপাসের রোগী। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এর আগে গত ১৬ আগস্ট রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এম এ লতিফকে গ্রেফতার দেখানো হয়।









