চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজানে এস আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন একই কলেজের শিক্ষার্থীরা।
সাব্বির উদ্দিন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের এলাকার তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির নাজিম উদ্দিনের ছেলে।
শিক্ষার্থীরা দুপুর আড়াইটা পর্যন্ত সড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখেন। তবে অন্য পরিবহণগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সড়ক থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সড়ক পার হওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় আমাদের একজন সহপাঠী আজ দুর্ঘটনায় মারা গেছে। মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক বাস চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় ২৪ ঘণ্টা পর থেকে সড়ক অবরোধ করে পুনরায় কর্মসূচি পালনের হুঁশিয়ার দেন তারা। একইসঙ্গে স্কুলের সামনে দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিং এবং একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কর্মচারী সুমন চক্রবর্তী বলেন, আমরা তৎক্ষণাৎ সাব্বিরকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে রাউজান হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি এস আলম পরিবহনের বাস সড়ক পার হওয়ার সময় শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই ছাত্র। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক হলেও চালক পালিয়েছেন। চালককে গ্রেফতারে চেষ্টা করছি। পাশাপাশি শিক্ষার্থীরা যেসব দাবি দিয়েছে সেগুলো পালনের চেষ্টা চলছে।









