কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এটি পুরুষের কঙ্কাল বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে কঙ্কালটি উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো.আইয়ুব জানান, কলেজ কর্তৃপক্ষ সেফটি ট্যাংকটি পরিষ্কার করার সময় কঙ্কাল দেখতে পায়। এলাকায় ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে কঙ্কালটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই এলাকায় কারও নিখোঁজ হওয়ার খবরও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে এনে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, কঙ্কালটি পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং খোঁজ নিচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
/জেবি/এআর/







