গত জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আহত শিক্ষার্থীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ফেনী ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থান নেন তারা। এ সময় সড়কের ঢাকা-চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীর আহতরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন। সন্ধ্যা ৭টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সঙ্গে আলোচনা করলে সড়ক থেকে সরে যান তারা।
আহত নাহিদ বলেন, অভ্যুত্থানের এতদিন পরও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা মারা যাচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে স্বীকৃতি চাই। প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় বসবে বলেছে। এই আশ্বাসে সড়ক থেকে সরে দাঁড়িয়েছি। দাবি আদায় না হলে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করবো আমরা।
আজিম নামের আরেক আহত শিক্ষার্থী বলেন, আমরা মানুষের ভোগান্তি হয় এমন কর্মসূচিতে যেতে চাই না। কিন্তু এতদিন পর চিকিৎসার দাবিতে সড়কে নামতে হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত হতাশার। পুলিশ আলোচনার জন্য আমাদের সঙ্গে বসবে বলেছে। এসব দাবি না মানলে পরবর্তীতে আমরা রাস্তায় নামবো।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক থেকে সরে দাঁড়িয়েছেন। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।’









