কক্সবাজারের টেকনাফে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সীমান্তে যৌথ টহল বিষয়ে ঐক্যমতসহ দ্বি-পাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন মালঞ্চ রেস্ট হাউসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের মধ্যে সমন্বয় সভা ও বৈঠক হয়েছে।
এতে টেকনাফ-২ ব্যাটালিয়নের লেফটেনান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধিদল ও মিয়ানমারের ১নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল চটিং জা এর নেতৃত্বে ৯ সদস্যের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান,ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্ত দিয়ে মাদক পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তের নদীপথে যৌথ টহলের বিষয়ে ঐক্যমত ও গুরুত্বপূর্ণ বিষয়সহ উভয় দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান,এটি উভয় দেশের নিয়মিত বৈঠক। আগামী বৈঠক মিয়ানমারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমারের ১নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল চটিং জা এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল স্থলবন্দর সংলগ্ন ইমিগ্রেশন (অভিবাসন) জেটি দিয়ে বাংলাদেশে পৌঁছলে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ তাদের স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী ।
/জেবি/








