নোয়াখালীর মাইজদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মাইজদী বাজার কেরানি মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) ও একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।
নিহত হৃদয় চন্দ্র শীল মাইজদী মফিজ প্লাজায় বেস্ট ইলেকট্রনিক কর্মরত ছিলেন এবং অভি দেব নাথ চন্দ্রগঞ্জে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে চৌরাস্তা থেকে বিনোদপুর এলাকায় আসার পথে মাইজদী কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন সড়কে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। হৃদয়কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নোয়াখালী সুধারাম মডেল থানার এসআই মনির হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।








