এনসিপি-জামায়াতের জোট হলেও চট্টগ্রাম-৮ আসনে দুই দল আলাদা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন নিয়ে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-৮ আসনটি জামায়াতে ইসলামী তাদের শরিক এনসিপিকে ছেড়ে দিয়েছে। তবে এনসিপিকে ছেড়ে দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামী। জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের উভয় দলের দুই প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ শাপলা কলি প্রতীক নিয়ে এ আসনে প্রচার-প্রচারণা চালাচ্ছে।

এদিকে, চট্টগ্রাম-৮ আসনে জোটের প্রার্থীর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে প্রচারণা স্থগিত করেছে এনসিপি নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) বিকালে আনোয়ারার কালাবিবির দিঘির একটি রেস্তোরাঁয় এনসিপি চট্টগ্রাম-১৩ আসনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১১ দলের পক্ষ থেকে এনসিপি থেকে জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী করা হয়। তবে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের নিজ মনোনয়নপত্র প্রত্যাহার না করে বরং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রে একাধিকবার অভিযোগ দিয়েও কোনও সুরাহা না হওয়ায় আমরা চট্টগ্রাম-১৩ আসনে জোটের শরিকদল জামায়াতে ইসলামীর প্রার্থীর সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিত করলাম। এ সময় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এনসিপি প্রচারণা চালিয়ে যাবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিকসহ দক্ষিণ জেলা ও আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিভিন্ন দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জানুয়ারি ১০ দলীয় জোটের আসন ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ওই ঘোষণায় চট্টগ্রাম-৮ আসনে জোটের প্রার্থী হিসেবে এনসিপির জুবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর থেকেই আসনটি নিয়ে শুরু হয় নাটকীয়তা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২০ জানুয়ারি। ওই দিন জোট সমর্থিত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের কথা ছিল। মনোনয়ন বাছাইয়ের দিনে এই আসনে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের, খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং এনসিপির জুবাইরুল হাসান আরিফ এই তিন জনের মনোনয়নই বৈধ হয়।

জোট থেকে এনসিপির প্রার্থীকে সমর্থন দেওয়ার পর খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও জামায়াতের প্রার্থী আবু নাছের ঢাকায় অবস্থান করায় সময়মতো মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

এর পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিনে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জামায়াতের প্রার্থী আবু নাছের দাঁড়িপাল্লা প্রতীক পান। সেদিন বিকালে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হলেও সেখানে আবু নাছের উপস্থিত ছিলেন না।

জামায়াতের পক্ষ থেকে নগর সহকারী সেক্রেটারি ও আসনের পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, জোটের ঐক্যের স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবু নাছের নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং এনসিপি প্রার্থীকে সমর্থন দিচ্ছেন।

তবে এই ঘোষণার পরদিন থেকেই আবু নাছেরের সমর্থকেরা এনসিপির প্রার্থীকে বয়কট করে মাঠে নামেন। প্রতিদিনই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণা চালাচ্ছেন তারা।

এরপর থেকে জামায়াত ইসলামীর প্রার্থী ডা. আবু নাছেরকে প্রচার-প্রচারণা দেখা না গেলেও তার সমর্থকরা বসে ছিল না। প্রতিটি এলাকায় প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে তার সমর্থকরা। এমনকি প্রতিটি প্রচার-প্রচারণায় একাধিক নারী সমর্থকদেরও দেখা গেছে। তবে এতদিন পর রবিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরকে দেখা গেছে জামায়াত আমিরের চট্টগ্রামে আগমনকে ঘিরে স্বাগত মিছিলে নেতৃত্ব দিতে। মিছিলে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।  

গত ২৬ জানুয়ারি নির্বাচনি সফরে চট্টগ্রামের বোয়ালখালীতে আসেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বোয়ালখালীর ফুলতলায় আয়োজিত জনসভা শেষে জুলাই শহীদ ওমরের মা রুবি আক্তার এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্যে করে বলেন, ‘আবু নাছের কখনও জুলাইকে বিক্রি করেননি, কোনও সুবিধাও নেননি। এই আসন যদি খালি হয়ে যায়, তাহলে বড় ক্ষতি হবে।’

এ সময় এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ বলেন, ‘আমরা ১০ দলীয় জোট। সবাই সহযোগিতা করলে এই আসন হাতছাড়া হবে না।’

জবাবে রুবি আক্তার বলেন, ‘জোটের ভোট ২০ শতাংশ, স্থানীয় ভোট ৮০ শতাংশ। যাকে প্রার্থী দেওয়া হয়েছে, তাকে এলাকার মানুষ চেনে না।’

শেষ পর্যন্ত তিনি স্পষ্ট ভাষায় দাবি তোলেন, ‘তাহলে আসনটি ওপেন রাখা হোক। এনসিপিও করবে, জামায়াতের আবু নাছের ভাইও করবে।’

এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনটি এনসিপিকে জোটগতভাবে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের বাকি দলগুলোর উচিত ছিল এখানে এনসিপিকে সহযোগিতা করা। সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি সরে যাননি। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।’

এদিকে, দিন যতই যাচ্ছে এ আসনকে ঘিরে জামায়াত জোটের উভয় প্রার্থীর মধ্যে টানাপোড়েন বেড়েই চলেছে। জামায়াত জোটের দুই প্রার্থীর টানাপোড়েনের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ।

এ ছাড়াও এ আসনে বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়্যদ মুহাম্মদ হাসান।

এ আসনে মোট ৫ লাখ ৫৪ হাজার ৭২৯টি ভোটার আছে। এর মধ্যে পুরুষ ভোটার ২ ভোটার ৮২ হাজার ৬০৭ জন, মহিলা ভোটার আছে ২ লাখ ৭২ হাজার ১২১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে একজন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান