প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের ম্যানেজার গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ২৩:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাস্তার নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার ঘটনায় ঠিকাদার লোকমান হোসেনসহ তার গাড়িচালকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলায় ঠিকাদারের ব্যবস্থাপককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যবস্থাপকের নাম ফোরকান মিয়া। এর আগে ভুক্তভোগী এলজিইডির নবীনগরের উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা করেন। মামলায় জেলা শহরের ছয়বাড়িয়ার বাসিন্দা মেসার্স লোকমান হাসেনের স্বত্বাধিকার ঠিকাদার লোকমান হোসেন (৫০) ও তার গাড়ির চালক নবীনগরের নারুই গ্রামের মা. বিল্লাল হোসেনসহ (৫৫) অজ্ঞাতনামা আরও তিন-চার জনকে আসামি করা হয়।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সড়কটির নির্মাণকাজ করছিলেন ঠিকাদার লোকমান হোসেন। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠে। গত রবিবার এলাকাবাসী সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে বাধাও দেন। পরে উপজেলা প্রকৌশলীসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সড়কের নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়ক পরিদর্শন করতে যান এলজিইডির প্রকৌশলীদের একটি দল। সে সময় তারা রাস্তার নিম্নমানের কাজের প্রমাণ পান। রাস্তার নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার ও মামলার আসামি লোকমানকে বিষয়টি জানানো হয়। সে সময় ঠিকাদার লোকমান তাদের সরকারি কাজে বাধা দেন। নিম্নমানের কাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ঠিকাদার লোকমান এলজিইডির প্রকৌশলীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে ঠিকাদার লোকমান, তার গাড়ির চালক বিল্লালসহ অজ্ঞাতনামা আসামিরা উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে লাঠি দিয়ে পায়ে এলোপাতাড়ি আঘাত করেন এবং ইট দিয়ে ঢিল মেরে আঘাত করেন। সহকর্মীরা বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকে হত্যার হুমকি দেন ও ধাওয়া করেন আসামিরা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার লোকমান হোসেন অকথ্য ভাষায় প্রকৌশলীকে বকাবকি করছেন। একপর্যায়ে প্রকৌশলীকে দৌড়ে সেখান থেকে পালাতে দেখা গেছে। প্রকৌশলীর পেছনে বাঁশ নিয়ে দৌড় দেন ঠিকাদার লোকমান হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলীল বলেন, ‌‘সড়কের নির্মাণকাজে অনিয়ম ধরা পড়ে। তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার অফিসকে না জানিয়ে রাতের বেলা কাজ করেন। রাতেই উপজেলা প্রকৌশলী ও তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শনে করে ঘটনার সত্যতা পান। তখন যতটুকু অনিয়ম হয়েছে, ততটুকু ভেঙে নতুনভাবে করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়। সোমবার দুপুরে এলজিইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল সরেজমিন পরদর্শনে আসেন। সেখানে ঠিকাদার ও তার লোকজন উপসহকারী প্রকৌশলীকে মারধর করেন। এ ঘটনায় মামলা হয়।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে ঠিকাদারের ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেফতার
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত