চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি কনটেইনারবাহী জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে দুই জাহাজের কাঠামোগত ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। রবিবার (৩ মে) দুপুরে বন্দর চ্যানেল হয়ে জেসিবি জেটিতে এনে জাহাজ দুটিকে নোঙর করা হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিদেশি জাহাজ ‘মায়েরস্ক চট্টগ্রাম’ ও দেশি ‘এইচআর তুরাগ’ কনটেইনারবাহী জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে ২ হাজার ৮০০ কনটেইনার আমদানিপণ্য নিয়ে গত শুক্রবার চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার শিডিউল ছিল। তার আগেই বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে আটকা পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের ফলে জাহাজ দুটির পানির নিচের অংশ এবং এক পাশ দুমড়েমুচড়ে গেছে। জাহাজ দুটির একটি বিশ্বের শীর্ষ স্থানীয় শিপিং লাইন ‘মায়েরস্ক’-এর এবং অন্যটি সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন এইচআর লাইনের।
শুক্রবার সকালে জাহাজ দুটিকে চালিয়ে জেটিতে আনতে গিয়ে এমন দৃশ্য দেখেন বন্দরের দুই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টন মো. আতাউল হাকিম সিদ্দিকী ও ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারের নৌ-বাণিজ্য অধিদফতর এবং বন্দর কর্তৃপক্ষ মিলে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নৌ-বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসার শেখ জালাল উদ্দিন গাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটিকে ঘিরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে।’








