হত্যায় অংশ নেয় সাত জন, আগ্নেয়াস্ত্র হাতে তারা কারা?

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৫ জুন ২০২৬, ০৮:০১আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:০১

চট্টগ্রামের রাউজানে যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যায় অংশ নিয়েছে ছয় থেকে সাত জন। এর মধ্যে গুলি করেছে পাঁচ জন। সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ্যে বাজারে একের পর এক গুলি করেছে। খুব কাছ থেকে গুলি করায় মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। পরে সিএনজি অটোরিকশা নিয়ে কদলপুরের দিকে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজে এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সিএনজি অটোরিকশায় আসা ছয় থেকে সাত জনের একদল দুর্বৃত্ত প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনার পর পাহাড়তলী চৌমুহনী বাজারে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অধিকাংশ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল রবিবার। এ ঘটনায় রবিবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি। এমন ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, মাসুদ দৌড়াচ্ছেন। পেছনে রয়েছে অস্ত্রধারীরা। হঠাৎ পাহাড়তলী চৌমুহনী বাজারের একটি দোকানের সামনে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। এ সময় পেছনে থাকা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি করতে থাকে। প্রথম ধফায় গুলি করে ফিরে যাওয়ার পর ৪০ থেকে ৫০ সেকেন্ড পর গাড়িতে না উঠে পুনরায় এসে মাসুদকে গুলি করতে থাকে। এরপর সিএনজি অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। প্রকাশ্যে বাজারে দিনদুপুরে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনাস্থলটি রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ের মাত্রা কয়েকশ’ গজ অদূরে। হত্যায় অংশ নেওয়া পাঁচ জনের মধ্যে একজনের মুখে কালো মুখোশ থাকলেও বাকিদের চেহারা স্পষ্ট দেখা গেছে সিসিটিভি ফুটেজে।

স্থানীয় লোকজন বলছেন, মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগির বাড়ি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে রাউজানের পাহাড়তলী চৌমুহনী স্টেশনে নামেন। অটোরিকশা থেকে নামার পর আগে থেকে অবস্থান করা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার শরীরে একের পর এক গুলি করে মৃত্যু নিশ্চিত করে। 

এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যার বিচার দাবি করে মিছিল করেন। পরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার দুপুর আড়াইটা থেকে কাপ্তাই সড়ক অবরোধ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে কয়েক শত নেতাকর্মী বিচার দাবিতে স্লোগান দেন।

এ ঘটনার পর পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক কাটেনি এখনও। ঘটনার পর পরই বন্ধ হয়ে যায় দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংলগ্ন পাহাড়তলী বাজারে অন্তত কয়েক হাজার বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে।  

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়তলী চৌমুহনী বাজারে মাসুদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

আইনইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৫টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮টি হয়েছে রাজনৈতিক বিরোধে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক লোক।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাসুদ হত্যায় অংশ নেওয়া চার-পাঁচ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা রাউজানের বাসিন্দা। গ্রেফতারে অভিযান চলছে।’

ওসি বলেন, ‘রবিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। নিহতের লাশ দাফন শেষে পরিবারের লোকজন থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন।’

/এএম/ 
সম্পর্কিত
‘সময় ফুরিয়ে আসছে’ হুমকি জামায়াতের, কীভাবে দেখছে বিএনপি
বেনজীর গ্রেফতারে পুলিশ নয়, ইউনূস সরকারকে কৃতিত্ব দিলেন জামায়াত আমির
সংসদে উল্টাপাল্টা কথা বললে আমরা ওই পথে হাঁটবো: জামায়াত আমির
সর্বশেষ খবর
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
থেচা চিকেন বল রেসিপি
থেচা চিকেন বল রেসিপি
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
সর্বাধিক পঠিত
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো
৬ হাজার ৮৮০ কোটি কীভাবে ২২ হাজার কোটি টাকা হলো