নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ আগস্ট ২০২৬, ১৯:২১আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৯:৩৫

অবশেষে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো জাহাজ। শনিবার (২২ আগস্ট) রাতে এটি এক্সিলারেট টার্মিনালে যুক্ত হবে। এর মধ্য দিয়ে টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) বিকাল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে। তবে গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও কিছুদিন লাগবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকে আসা কার্গো জাহাজ এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান টার্মিনালে আনলোডিং হবে। বিকাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট টার্মিনাল। বেলা ২টা থেকে ১০ কোটি ঘনফুট করে সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। রাত ৯টার পর থেকে সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগবে।

আরপিজিসিএলের চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘এলএনজি নিয়ে আসা নতুন কার্গো জাহাজ এমএলএনজি টার্মিনালে দুপুরে বার্থিং করেছে। আশা করছি, আজ রাত ১০টা নাগাদ আনলোডিং শুরু হবে। ইতিমধ্যে আজ বেলা ২টা থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট টার্মিনাল।’

আরপিজিসিএল সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘ফ্লেক্স কারেজেস’ নামে কার্গো জাহাজটি মহেশখালীর ভাসমান এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে ভিড়েছে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা এলএনজিবাহী জাহাজটি এসেছে যুক্তরাষ্ট্রের ক্যামেরন পোর্ট থেকে।

এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো জাহাজ সেখানে উপস্থিত না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজ রবিবার পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় শনিবার টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে। সেইসঙ্গে জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুত থেকে সরবরাহ শুরু করেছে তারা।

মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। এক্সিলারেট এনার্জি পরিচালিত মহেশখালী ফ্লোটিং এলএনজি টার্মিনাল বেলা ২টায় চালুর পর ১০০ মিলিয়ন ঘনফুট এবং সামিট এলএনজি টার্মিনাল থেকে ৫৭০ মিলিয়ন ঘনফুটসহ মোট ৬৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 

গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ হয়ে যায়। ১৫ আগস্ট তারা পুরোদমে এলএনজি সরবরাহের জন্য তৈরি হয়। কিন্তু নতুন এলএনজি কার্গো না আসায় পুরোনো মজুত থেকে আংশিক সরবরাহ শুরু করে। এক্সিলারেট বন্ধের পর থেকেই সক্ষমতার বেশি সরবরাহ করে আসছে সামিট। মাঝে এলএনজি না থাকায় সামিট থেকেও সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

আরপিজিসিএল সূত্র বলছে, দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। সর্বোচ্চ ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ করা হতো ১০৫ কোটি ঘনফুট, বাকিটা দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন করা হয়। এক মাস ধরেই এলএনজি সরবরাহ হচ্ছে গড়ে সক্ষমতার অর্ধেকের মতো। আজ দুপুর ১২টায়ও এলএনজি সরবরাহ ছিল ৫৮ কোটি ঘনফুট। বিকালে এটি বেড়ে ৬৮ কোটি ঘনফুট হয়। এতে মোট গ্যাস সরবরাহ বেড়ে হয়েছে ২৩০ কোটি ঘনফুট। আজ রাতে এলএনজি বেড়ে ৭৫ কোটি ঘনফুট হলে মোট সরবরাহ হবে ২৩৭ কোটি ঘনফুট। আগামী কয়েক দিন একই হারে সরবরাহ করা হতে পারে। এতে গ্যাসের সংকট পুরোপুরি কাটবে না। আরও সময় লাগবে।

/এএম/ 
সম্পর্কিত
এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু, গ্যাস সংকট কমবে?
গ্যাসের লাইনে কাটছে দিনের অর্ধেক, আয় কমছে চালকদের
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী