মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বিশেষ অভিযান চালিয়ে তিন ট্রাক ইউরিয়া সার উদ্ধার করেছে কোস্টগার্ড। যার মধ্যে ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) সার ছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব সারের চালান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বুধবার রাত ১টায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে স্থানান্তরকালে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার উদ্ধার করা হয়। পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকসহ দুজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।








