তেলের ধাক্কায় ট্রাক ভাড়া বেড়েছে ১০ হাজার টাকা পর্যন্ত, চাল-পেঁয়াজে কত

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৯ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ছয় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে ট্রাকের ভাড়া। খরচ বেড়ে যাওয়ায় ভাড়া বাড়িয়েছেন পরিবহন মালিক ও চালকেরা। এর সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। বাড়তি পরিবহন ব্যয় পণ্যের মূল্যের সঙ্গে যোগ হওয়ায় পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। ফলে তেলের দাম বৃদ্ধির চাপ ভোক্তার ওপর গিয়ে পড়ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে দুই দিন আগেও যে পেঁয়াজ ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হতো, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। একইভাবে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ২০ টাকা করে। পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির অজুহাতে এসব দাম বেড়েছে বলে জানা গেছে।

১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে ট্রাক ভাড়া

চাক্তাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হয়েছিল চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে। আজ একই পেঁয়াজ ৩৮ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এ কারণে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘আগে কুষ্টিয়া কিংবা পাবনা থেকে চট্টগ্রামে প্রতি ট্রাক পণ্য নিয়ে আসতে ভাড়া নেওয়া হতো ২৮ হাজার থেকে ৩০ হাজার টাকা। বর্তমানে ৩৫ থেকে ৩৬ হাজার টাকা নেওয়া হচ্ছে। একইভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারসহ জেলার বিভিন্ন উপজেলায় পণ্য পাঠানো হয়। সেখানেও চার হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হচ্ছে আমাদের।’

একই কথা বলেছেন চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধির কারণে পণ্য পরিবহনে ট্রাক ভাড়ায় এর প্রভাব পড়েছে। আগে যেখানে ভাড়া ৩০ হাজার টাকা ছিল এখন সেখানে ৩৫ থেকে ৩৬ হাজার টাকার কমে আসছে না কোনও ট্রাক। অর্থাৎ ভাড়া এখন ৫-৬ হাজার টাকা করে বেড়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে।’

চালের ট্রাকে ১০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, বস্তাপ্রতি বেড়েছে ২০ টাকা

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি চালের বাজার পাহাড়তলী বাজারের চাল ব্যবসায়ী উত্তর বঙ্গ ট্রেডার্সের মালিক ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলের দাম বৃদ্ধির পর থেকে চাল পরিবহনে ট্রাক ভাড়া বেড়েছে। আগে যেখানে নওগাঁ, দিনাজপুর থেকে প্রতি ট্রাক চাল আনতে ভাড়া যেত ৩০ থেকে ৩২ হাজার টাকা। বর্তমানে সেখানে লাগছে ৪০ থেকে ৪২ হাজার টাকা। এর কমে কোনও ট্রাক আসতে চাইছে না। এর প্রভাব পড়েছে চালের বাজারে। আজ প্রতি বস্তা চালে ২০ টাকা করে বেড়েছে। অর্থাৎ প্রতি কেজি চালে পাইকারিতে ৫০ পয়সা করে বেড়েছে। আর খুচরা বাজারে বেড়েছে এক থেকে দুই টাকা করে।’

লিটারে ২০ টাকা বেড়েছে জ্বালানি তেলের দাম

এর আগে গত রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রবিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

এর মধ্যে বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ এক লিটার ডিজেলে খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পণ্য পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার কারণে এর প্রভাব এখন পাইকারি বাজারেও পড়তে শুরু করেছে। ব্যবসায়ীদের হিসাবে, পরিবহন খরচের এই বাড়তি চাপ শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তার ওপরই পড়ছে।

 

/এএম/ 
সম্পর্কিত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
‘সব সবজি ৫০ টাকার মধ্যে আসলেই বলা যাবে দাম কমেছে’
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক